হরমুজ এড়িয়ে যে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করছে রাশিয়া

ইরানে পণ্য ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য হরমুজ প্রণালীর বিকল্প রুট হিসেবে রাশিয়া সম্প্রতি ক্যাস্পিয়ান সাগর ব্যবহার আরও বাড়িয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মস্কো ক্যাস্পিয়ান সাগর হয়ে ইরানে ড্রোনের যন্ত্রাংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী রপ্তানি শুরু করেছে। এর ফলে ইরানের ড্রোন সক্ষমতা পুনর্গঠন ও সামরিক শক্তি জোরদারে সহায়তা মিলছে।

তবে বিশ্লেষকদের মতে, এসব সরবরাহ সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে সিদ্ধান্তমূলক প্রভাব ফেলবে না।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে ক্যাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া-ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে কৃষ্ণ সাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিকল্প রুটের ওপর নির্ভরতা বাড়ছে।

এছাড়া, আগে কৃষ্ণ সাগর হয়ে ইরানে যে প্রায় ২০ লাখ টন রুশ গম পাঠানো হতো, তা এখন ধীরে ধীরে ক্যাস্পিয়ান রুটে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের হামলার ঝুঁকির কারণে ঐতিহ্যবাহী সমুদ্রপথগুলোকে এখন বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।