মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তামিলনাড়ুতে ‘বিনা মূল্যে বিদ্যুৎ’ দেওয়ার ঘোষণা থালাপতি। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করবে তামিলনাড়ু সরকার।
রবিবার (১০ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত একটি নথিতে সাক্ষর করলেন বিজয় থালাপতি।
এ ছাড়াও, নারী সুরক্ষার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের নথিতেও স্বাক্ষর করেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে বিজয় বিধানসভা নির্বাচনে তার দল টিভিকেকে সমর্থন করার জন্য জনগণকে ধন্যবাদ জানান।
রবিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান।
তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছিলেন থালাপতি বিজয়ের মা–বাবা, অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।