নেতৃত্ব সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছে। প্রথমবারের মতো দলটির এক এমপি প্রকাশ্যে তার নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জের ইঙ্গিত দেওয়ায় ওয়েস্টমিনস্টারে নতুন আলোচনা শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

সাবেক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক সাক্ষাৎকারে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এখন পর্যন্ত তার পক্ষে মাত্র ১০ জন এমপির সমর্থন রয়েছে, নেতৃত্ব চ্যালেঞ্জ আনতে প্রয়োজন ৮১ জনের সমর্থন।

দলের ভেতরে অনেকেই এটিকে হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবারের খারাপ ফল এবং বহু কাউন্সিলর পরাজিত হওয়ায় দলের ভেতরে চাপ বেড়েছে। এদিকে, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের নাম সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে আলোচনায় এসেছে। তবে তিনি বর্তমানে এমপি নন, ফলে সরাসরি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন না।

ডাউনিং স্ট্রিট অবশ্য সংকটের বিষয়টি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করছে। স্টারমার নিজেও স্পষ্ট করেছেন, তিনি পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতৃত্বে থাকতে চান এবং দ্বিতীয় মেয়াদেও প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য রাখছেন। এর মধ্যেই আগামী সপ্তাহে নতুন ভাষণের মাধ্যমে নিজের নেতৃত্বকে নতুনভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন স্টারমার।