বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
ওমানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারকে তাঁর সরকারের অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও খেলাধুলার মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোকে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন, যা ওমান ও বাংলাদেশ উভয়ের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতায় ওমানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।