গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে জাফরুল্লাহ (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ মে) দুপুরে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত ওছি উদ্দীনের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তার বিরুদ্ধে আগেও প্রতারণার মামলা রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কার্যালয়ে গিয়ে আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কার্যালয়ের কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী জানান, আটক জাফরুল্লাহ কার্যালয়ে প্রবেশ করে কৌশিক নামে এক কর্মকর্তাকে খুঁজে তার মোবাইল নম্বর নেন। পরে তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে কৌশিককে কার্যালয়ের বাইরে ডেকে নেন। এরপর কথিত এক দুদক কর্মকর্তার সঙ্গে মোবাইলে কৌশিকের কথা বলিয়ে দেন।
মোবাইলে দুদকের কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি কৌশিককে বলেন, ‘তোমার বিরুদ্ধে দুর্নীতির গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। বাঁচতে চাইলে জাফরুল্লাহর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করো। না হলে দুদকের মামলা হবে। তখন আমি কিছু করতে পারব না।’
এরপর বিষয়টি সন্দেহজনক মনে হলে কৌশিক কৌশলে জাফরুল্লাহকে আবার অ্যাকাউন্টস কার্যালয়ে নিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক বলেন, সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গণশুনানিকে কেন্দ্র করে একটি চক্র নিজেদের দুদকের সোর্স পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।