৯৪ বছরে এই প্রথম এল ক্লাসিকো জিতে লিগ শিরোপায় হাত বার্সার

৯৪ বছরের মধ্যে এই প্রথম একটি 'এল ক্লাসিকো' লা লিগা শিরোপা নির্ধারণ করল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ক্যাম্প ন্যু-তে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা।

রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি কেবল একটি জয় নয়, বরং বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যের প্রমাণ হয়ে রইল। ম্যাচের ৯ মিনিটেই ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ডের দুর্দান্ত এক ফ্রি-কিক গোল গ্যালারিতে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। 

চলতি লিগে এটি র‍্যাশফোর্ডের ১৪তম গোল। গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ১৪টি অ্যাসিস্ট।এর ঠিক ১০ মিনিট পর দানি ওলমোর বাড়িয়ে দেয়া বল থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ তারকা ফেরান তোরেস।

ফেরান তোরেসের গোল উদযাপনে আরেক গোলদাতা রাশফোর্ড

ম্যাচের শেষ দিকে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমানোর চেষ্টা করলেও বার্সার রক্ষণভাগ ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া ছিলেন অটল। ম্যাচ শেষে লিগ প্রেসিডেন্ট  জাভিয়ের তেবাস বার্সেলোনা অধিনায়ক পেদ্রির হাতে ট্রফি তুলে দিলে শুরু হয় আতশবাজির উৎসব।

শিরোপা জয়ের দিন সকালেই বাবাকে হারিয়েছিলেন বার্সা কোচ হানসি ফ্লিক। এই জয়কে তিনি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছেন।

পূর্ণ ক্ষমতাসম্পন্ন ক্যাম্প ন্যু-তে ফেরার পর এটিই বার্সার প্রথম লিগ শিরোপা।

অন্যদিকে টানা দ্বিতীয় বছর শিরোপাশূন্য থেকে মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। মাঠের লড়াই এবং ড্রেসিংরুমের বিশৃঙ্খলা—সব মিলিয়ে রিয়ালের জন্য এই সপ্তাহটি ছিল এক দুঃস্বপ্নের মতো। 

বার্সেলোনার লিগ শিরোপা জয়ের বছরগুলো

১৯২০-১৯৫০: ১৯২৮–২৯, ১৯৪৪–৪৫, ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯

‎১৯৫০-১৯৯০: ১৯৫১–৫২, ১৯৫২–৫৩, ১৯৫৮–৫৯, ১৯৫৯–৬০, ১৯৭৩–৭৪, ১৯৮৪–৮৫

‎১৯৯০-২০১০: ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৮–০৯, ২০০৯–১০

‎২০১০-২০২৬: ২০১০–১১, ২০১২–১৩, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮, ২০১৮–১৯, ২০২২–২৩, ২০২৪–২৫, ২০২৫–২৬