তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আসন্ন বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হলো তিন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতি। মূলত অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের পরখ করে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছে অজি নির্বাচক প্যানেল।

বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। পাকিস্তান সফরের ওডিআই দল এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলি পিকে ও অলরাউন্ডার লিয়াম স্কট পাকিস্তান সফরে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জোয়েল ডেভিস। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলকে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইনলিস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট এবং অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইনলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ এবং অ্যাডাম জাম্পা।

নির্বাচক প্রধান জর্জ বেইলি জানান, আগামী ১৮ মাস থেকে ২ বছরের কর্মপরিকল্পনা এবং আসন্ন আইসিসি ইভেন্টগুলোর কথা মাথায় রেখেই নতুন ও অভিজ্ঞদের মিশেলে এই দল গঠন করা হয়েছে। 

অস্ট্রেলিয়া দল মে মাসের শেষে পাকিস্তানে সিরিজ খেলে সরাসরি বাংলাদেশে আসবে। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন থেকে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে সিরিজ (ঢাকা): ৯, ১১ ও ১৪ জুন।

 টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম): ১৭, ১৯ ও ২১ জুন।