ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান ভঙ্গুর অস্ত্রবিরতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো ‘শেষ হয়ে যায়নি’।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আগামী রবিবার (১৭ মে) সাক্ষাৎকারটি পূর্ণাঙ্গভাবে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সিবিএস নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি মেজর গ্যারেটকে দেওয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু সাফ জানান, ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই সরিয়ে নিতে হবে এবং দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে।
ইরানের বর্তমান শক্তি ও সক্ষমতা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা ইরানের অনেক সক্ষমতাই হ্রাস করতে পেরেছি। তাদের পারমাণবিক শক্তি, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ছায়া বাহিনী (প্রক্সি ফোর্স) এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতার ওপর আমরা আঘাত হেনেছি। কিন্তু এসবের অনেক কিছুই এখনো বিদ্যমান এবং কাজ এখনো বাকি রয়ে গেছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্যমতে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৯৭০ পাউন্ডের মতো উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা প্রায় পারমাণবিক বোমা তৈরির উপযোগী।
ইউরেনিয়াম অপসারণের পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহু বলেন, সেখানে সরাসরি ঢুকে এগুলো বের করে নিয়ে আসতে হবে।
তিনি আরও যোগ করেন, যদি কোনো চুক্তির মাধ্যমে এটি করা সম্ভব হয়, তবে সেটিই হবে ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম অপসারণের ‘সর্বোত্তম উপায়’।
তবে ইরানের পারমাণবিক উপাদান নিয়ে যদি কোনো শেষমেশ কোনো সমঝোতা না হয়, সে ক্ষেত্রে ইসরায়েল কী পদক্ষেপ নেবে তা স্পষ্ট করে বলেননি নেতানিয়াহু। কোনো সময়সীমার কথা উল্লেখ না করে তিনি কেবল বলেন, আমি এই কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা দেব না, তবে আমি এটি বলব যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন।
সূত্র: সিবিএস নিউজ