মিয়ানমারে ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও

মিয়ানমারে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, রবিবার (১০ মে) গভীর রাতে (বাংলাদেশ সময় ১টা ৩৬ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রাথমিকভাবে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত বলে নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও অনুভূত হয়। চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।