সখের বাইক কিনে বাড়ি ফেরা হল না স্কুলছাত্রের

ময়মনসিংহের নান্দাইলে সখের বাইক কিনে ফেলার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শুভ (১৪) নামে এক স্কুল ছাত্রের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মামা পরশ (১৬)। 

সোমবার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগড় গ্রামে কানুরামপুর বালিপাড়া আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

নিহত শুভ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কমলপুর নিবাসী মো. রিপন মিয়ার পুত্র সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আর নিহতের মামা সে এসএসসি পরীক্ষা দিচ্ছে।  

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মামা পরশ ও ভাগিনা শুভ দুজন মিলে ভালুকা থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে ফেরার পথে রাস্তার পাশে থাকা খড়ের গাদায় আটকে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করে। অন্যদিকে পরশকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।