নওগাঁয় কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কায় নিহত ২

নওগাঁ জেলার পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১০ মে) রাতে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) ও নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৪৫)।

পত্নীতলা থানা পুলিশ জানায়, মতিউর ও নাজমুল প্রাইভেটকারে করে হিলির উদ্দেশে যাচ্ছিলেন। পথে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজনই গাড়ির ভেতরে আটকা পড়েন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।