ফেনীতে মুক্তিপণ দাবির ১৮ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

ফেনীর দাগনভূঞা পৌরসভায় নিখোঁজ ও মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবা থেকে হাসান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

উদ্ধার হাসান (১৮ মাস) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে। 

শিশুটির বাবা মোহাম্মদ তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যার দিকে একটি মোবাইল নম্বর (০১৯২৭০৩৫৬০৩) থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হাসানকে হত্যার হুমকিও দেয় অপহরণকারী চক্র। এ ঘটনায় পরদিন রোববার (১০ মে) সকালে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুর পরিবার।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। তদন্ত করে হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি নওগাঁর বলে জানা গেছে। 

তবে ভুক্তভোগী পরিবারের দাবি,  নিখোঁজ ও মুক্তিপণ দাবীর বিষয়টি পুলিশকে অবহিত করার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ ছিলো না।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম জানান, গাফিলতির অভিযোগ সঠিক নয়। তারপরও বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।