ঢালিউডের মিষ্টি মেয়ে বলে পরিচিত চিত্রনায়িকা পূর্ণিমা অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে। তবে এবার এই অভিনেত্রী অংশ নিয়েছেন একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে। ১৯৭০ সালে ভোলা জেলার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বর্তমান জলবায়ু সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অস্তিত্বের লড়াই’ শিরোনামের এই প্রামাণ্যচিত্র।
‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্রটির শুটিং এরই মধ্যে এফডিসিতে শেষ হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য এটি নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর পরিকল্পনা ও গ্রন্থনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।
কাজটি প্রসঙ্গে পূর্ণিমা বলছেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করার দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
নির্মাতা গাজী মাহবুব তুলে ধরেন, প্রামাণ্যচিত্রটিতে ১৯৭০ সালের ভোলার ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মর্মান্তিক ঘটনা তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান সময়ে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ও এতে স্থান পাবে। তিনি আরও জানান, জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হবে। পাশাপাশি এটি অনলাইনেও প্রকাশ করা হবে।
প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরী।