বরিশাল সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় বরিশাল জেনারেল হাসপাতালে ঢুকে টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে দায়িত্বরত অবস্থায় না পেয়ে ক্লোজড করেন মন্ত্রী।
সোমবার (১১ মে) বরিশালের স্বাস্থ্যসেবার সামগ্রিক পরিস্থিতি দেখতে একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সদর হাসপাতালে কিছুক্ষণ অবস্থানের সময় তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন।
এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা পেতে কোনো ধরনের দুর্ভোগ হচ্ছে কি না, ওষুধ পাওয়া যাচ্ছে কি না কিংবা চিকিৎসকেরা নিয়মিত সেবা দিচ্ছেন কি না, সেসব বিষয়েও খোঁজ নেন তিনি।
সদর হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী নবনির্মিত শিশু হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নতুন ক্যান্সার হাসপাতাল ঘুরে দেখেন।
এ সময় তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পাশাপাশি ছয় মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালও চালুর আশা করছেন তিনি।
স্বাস্থ্য খাতে জনবল সংকটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগের কার্যক্রম শুরু হবে।
হামের টিকা ইস্যুতে তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর হামের টিকা কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ভ্যাকসিনের কোনো মজুত ছিল না বলেও দাবি করেন তিনি। তবে দ্রুত টিকা সংগ্রহ করে কার্যক্রম চালু করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।
স্বাস্থ্যমন্ত্রীর বলেন, ‘যেসব শিশুকে টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। এরপরই হামের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’