কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খায়রুল ইসলাম (৫০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, সোমবার সকালের দিকে খায়রুল ইসলাম তার নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। সেখানে পা পিছলে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।