লাইফ সাপোর্টে  আতাউর রহমান

দেশের বরেণ্য নাট্যজন আতাউর রহমান গুরুতর অসুস্থ। অবস্থার অবনতি দেখে চিকিৎকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। গণমাধ্যমে তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’ 

জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে আইসিইউ–সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রবিবার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।