নজরুল জন্মজয়ন্তী আয়োজন ভিন্নমাত্রায় উপস্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

সভায় জানানো হয়, পাঁচ দিনব্যাপী ১২৭তম নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ধারণ ও লালনের মধ্য দিয়েই এবারের নজরুল জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রায় এবং নান্দনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নজরুল চর্চা ও তাঁর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে জাতীয় কবির জন্মভূমিতে এ আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহবাসীর বঞ্চনার অবসান ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের আয়োজন স্মরণকালের সবচেয়ে জমকালো ও উৎসবমুখর হবে।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ বলেন, আগামী প্রজন্মকে নজরুলের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঁচ দিনব্যাপী আয়োজনে নজরুলের গান, কবিতা, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে জাতীয় অনুষ্ঠান আয়োজন হওয়ায় পুরো বিভাগজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, সাংস্কৃতিক সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। তিনি জানান, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এছাড়া প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। আয়োজনের মধ্যে থাকবে ঐতিহ্যবাহী নজরুল মেলা, আলোচনা সভা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় ময়মনসিংহের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।