বগুড়ায় ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হযরত আলী (৫৬) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

সোমবার (১১ মে) বেলা ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন। বিকেল ৪টার দিকে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হযরত আলী উপজেলার মাচইল নিশ্চিন্তপুর গ্রামের ফজলাল প্রামানিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিএনসি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, অভিযানে মো. হযরত আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বসতঘরের একটি ট্রাংকের ভিতরে রাখা সিনথেটিক ব্যাগ থেকে ট্যাপেন্টাডল ‘ট্যাপাল’ নামের ১ হাজার ৫০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।