সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাউসার আজিজ। এ নিয়োগ দিয়ে গত ২৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে পরবর্তী দায়িত্বের জন্য বর্তমান জেলা প্রশাসক আফরোজা আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এরপর রবিবার (১০ মে) নতুন ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
নতুন ডিসিকে স্বাগত জানাতে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হলেও, জামায়াতের চার এমপির একসঙ্গে উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সৌজন্য সাক্ষাৎ বলছেন, আবার কেউ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।
উল্লেখ্য, কাউসার আজিজ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে সাবেক ডিসি আফরোজা আখতার পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা থাকা অবস্থায় গত বছরের ৮ নভেম্বর সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।