বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত গত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩০ এপ্রিল সাত আইনজীবী হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।
রিট আবেদনের যুক্তিতে তখন বলা হয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এমন সত্ত্বেও বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা বেআইনি।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবি’র পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। ব্যারিস্টার মাহিন রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে অ্যাডহক কমিটির কার্যক্রম চলতে বাধা নেই।’