কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

আবারও ফরাসি সৌরভ

বছর ঘুরে আবারও এলো সেই সময়। প্রতি বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় বিশ্বের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ও প্রভাবশালী উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। এ আয়োজন যেন কেবল পুরস্কারের প্রতিযোগিতা নয়, বরং সৃজনশীলতার এক বিশ্বমঞ্চ।  সেই সুবাদে তামাম দুনিয়ার বাঘা বাঘা চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের নিয়ে আজ ১২ মে থেকে অনুষ্ঠিত হচ্ছে কানের ৭৯তম আসর। এরই মধ্যে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কান সুমদ্রসৈকতে বসতে শুরু করেছে তারার মেলা। উৎসবকে ঘিরে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি আর বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন খ্যাতিমান ও বর্ষীয়ান তারকারা। পিছিয়ে নেই বলিউড শিল্পীরাও। গতকাল সোমবার কানে পৌঁছে গেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। প্রতি বছরের মতো এবারও উৎসবে থাকবে ভারতীয়দের আধিক্য। আলিয়া ভাটের মতো সেখানকার লালগালিচায় সৌরভ ছড়াবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, কিয়ারা আদভানি, অদিতি রাও হায়দারি এবং তারা সুতারিয়া। আর কান মানেই তো ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবারের মতো এবারও সেখানে দ্যুতি ছড়াবেন তিনি। তবে এবার প্রথমবার কানে হাজির হচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।

১২ দিনব্যাপী এই জমকালো আয়োজন শেষ হবে আগামী ২৩ মে। আজ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি। ফরাসি নির্মাতা পিয়েরে সালভেদোরির এই সিনেমার প্রিমিয়ারের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। সিনেমাটি একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন সিনেমা হলেও মুক্তি পাবে। ফলে সিনেমাপ্রেমী দর্শকরা একযোগে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মালিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আই হাইদারা। তিনি ফরাসি সিনেমা ও টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য সুপরিচিত। এ ফিল্ম ফেস্টিভ্যালটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট প্ল্যাটফরমে।

এবার মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকবেন দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। সমাপনী আয়োজনে স্বর্ণ পাম জয়ী সিনেমার নাম ঘোষণাও করবেন তিনি। গত বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে অফিশিয়াল সিলেকশন ঘোষণা করেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি জানান, এবারের আসরে ১৪১ দেশের ২ হাজার ৪৯১টি চলচ্চিত্র জমা পড়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতায় পাঁচ নারী পরিচালকের ছবি স্বর্ণ পামের জন্য মনোনীত হয়েছে। তাদের মধ্যে ফরাসি তিন জন। তারা হলেন লিয়া মাইসিয়াস, জান হেরি ও শার্লিন বুর্জোয়া-ট্যাকেট। তাদের পাশাপাশি জার্মানির ভালেস্কা গ্রিসেবাখ ও অস্ট্রিয়ার মারি ক্রুটজার নারীদের প্রতিনিধিত্ব করবেন।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’অর পুরস্কারের জুরি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কানাডিয়ান অভিনেত্রী, নির্মাতা ও চিত্রনাট্যকার মনিয়া শোকরি। ক্যামেরা দ’অর পুরস্কারটি দেওয়া হয় উৎসবে নির্বাচিত সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে, যা কান উৎসবের অফিশিয়াল সিলেকশন, ক্রিটিকস উইক, অথবা ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত হয়ে থাকে।

কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে জাপানের তিনটি সিনেমা। নতুন তিন ছবি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ মানবসদৃশ রোবট ও মানুষের সম্পর্কের ভিন্ন এক দিক তুলে ধরায় এবারের কান উৎসবের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।

প্রতি বছরই তাই কানে নির্বাচিত ও পুরস্কৃত সিনেমাগুলোর দিকে শুধু সংবাদমাধ্যম নয়, চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদেরও থাকে বাড়তি আগ্রহ। অনেক সময় এখান থেকেই বিশ্ব সিনেমায় নতুন ভাবনা, নির্মাণভঙ্গি কিংবা গল্প বলার ভিন্নধারার সূচনাও ঘটে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই মনে করছেন অনেকে।

এবারের উৎসবে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নির্মাতা পার্ক চান উক। এ ছাড়া বিশেষ সম্মাননা ‘অনারারি পাম দ’র’ পাচ্ছেন কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং হলিউড তারকা বারব্রা স্ট্রেসেন্ড। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে লাল গালিচায় তারকাদের জমকালো উপস্থিতি। হলিউড, ইউরোপ, বলিউড ও এশিয়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চলচ্চিত্র বাজার ‘মার্শো দ্য ফিল্ম’ ঘিরেও থাকছে আন্তর্জাতিক প্রযোজক ও পরিবেশকদের বড় সমাগম। সব মিলিয়ে, নতুন নির্মাতা ও প্রতিষ্ঠিত চলচ্চিত্রকারদের সমাবেশে আবারও বিশ্ব সিনেমার প্রাণকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে কান।