আতাউর রহমান লাইফ সাপোর্টে

দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার পুনরায় অবনতি হলে রবিবার তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আতাউর রহমানের শারীরিক অবস্থার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। সহকর্মী ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।