রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডোমরা-কোনাপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত কামিনীর সহকর্মী সারমিন আক্তার বলেন, তারা দুজন যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকতেন। তিনি বলেন, বিকেলে কারখানা ছুটির পর তার এক ছেলে বন্ধুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ডেমরার কোনাপাড়া যাচ্ছিলেন।