ছিনতাইকারীদের কাছে পুলিশ কাবু

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ধানম-ি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনের আজম রোডের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। এদের মধ্যে সাকিবের বাম পায়ে গুলি লাগে। অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ধানম-ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সম্প্রতি ধানম-ি এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়েন। এরপরও হামলার চেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ছিনতাইকারীর পায়ে গুলি করা হয়।

ওসি জানান, হামলায় পুলিশের কয়েকজন সদস্য সামান্য আহত হন। পরে তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। গুলিবিদ্ধ সাকিবকে পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক পলাশ ও সাকিব আপন দুই ভাই এবং বিপ্লব তাদের বোনজামাই। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদীঘি টিঅ্যান্ডটি মোল্লা গ্যারেজ এলাকায়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে রাতের বেলায় অটোরিকশার যাত্রী ও পথচারীদের লক্ষ্য করে মোবাইল, ব্যাগ ও মূল্যবানসামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতেন। আটক তিনজনের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।