স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রামপর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ, স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর করা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ ও গ্রামপুলিশে নারী সদস্য নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল সোমবার সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘গ্রাম আদালত এ অঞ্চলে শতবর্ষ ধরে গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষও সহজে ন্যায়বিচার পাবে।’
বৈঠকে গ্রামপুলিশে নারী সদস্য নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘নারীর সম্পৃক্ততা বৃদ্ধি পেলে স্থানীয় সরকারের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হবে।’ বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারতেœসহ চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।