এল ক্লাসিকো জিতে বেলিংহ্যামের ওপর 'বদলা' নিলেন ইয়ামাল

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। আর সেই জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে মাঠের বাইরের কথার লড়াই। রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের এক পুরনো উপহাসের কড়া জবাব দিয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল।

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে, মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয়লাভ করার পর বেলিংহাম সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'টকিং ইস ইজি' (কথা বলা সহজ)। মূলত ম্যাচের আগে ইয়ামালের দেওয়া কিছু মন্তব্যের পাল্টা জবাব দিতেই ওই ক্যাপশন ব্যবহার করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। এমনকি ভিনিসিয়াস ও কারভাহালও সে সময় ইয়ামালকে ‘বেশি কথা বলা’র ইশারা করে খোঁচা দিয়েছিলেন।

গত রবিবারের ক্লাসিকোতে জয়ের পর বার্সার শিরোপা নিশ্চিত হতেই মোক্ষম সুযোগটি লুফে নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। ইনজুরির কারণে এই ম্যাচে তিনি মাঠে নামতে না পারলেও গ্যালারিতে বসে দলের জয় উদযাপন করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদযাপনের একটি ভিডিও পোস্ট করে তিনি ঠিক সেই একই ক্যাপশন ব্যবহার করেন— "'টকিং ইস ইজি'

ইয়ামালের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বার্সা সমর্থকদের মতে, কথা দিয়ে নয় বরং মাঠের দাপট এবং ট্রফি দিয়েই বেলিংহামকে যোগ্য জবাব দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৩ ম্যাচ হাতে থাকতেই রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।