ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হন। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সী-ম্যান সফিউল উল্যাহ বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম ও তার ছেলে নিরব।

নুর আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। আহত আফজাল মিঠু নামে নুর আলমের ভাগিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। 
স্থানীয়রা গুরুতর আহত ছেলে ও ভাগিনাকে হাসপাতালে নেওয়ার পথে নিরব মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর বাস থামিয়ে চালক পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।