তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বেইজিং সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং এর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। 

সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার ধারণা, চীনা প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তাইওয়ানে কোনো ধরনের আক্রমণ হওয়ার আশঙ্কা কম।

তিনি আরও বলেন, 'আমি প্রেসিডেন্ট শি’র সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করব। তিনি চান আমরা যেন অস্ত্র বিক্রি না করি, কিন্তু আমি বিষয়টি নিয়ে কথা বলব।'

ট্রাম্প জানান, সফরের সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরাও তার সঙ্গে থাকবেন। তাদের মধ্যে রয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক এবং অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। সফরটিতে মূলত দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত ট্রাম্পের এই সফর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হতে পারে বলে চীন আশা করছে। ২০১৭ সালের পর এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। 

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সরাসরি মন্তব্য না করে ট্রাম্প বলেন, 'আমি মনে করি না যুদ্ধের মত কিছু ঘটবে। আমি বিশ্বাস করি আমরা ভালো অবস্থায় আছি।'  তিনি আরও বলেন, শি জিনপিং জানেন যে তিনি সংঘাত চান না এবং দুই নেতার মধ্যে সম্পর্ক ভালো।