পিরোজপুরের নাজিরপুরে রেডক্রিসেন্ট উদ্বেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শগ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় প্রায় শতাধিক পরিবারের মধ্যে কিডস ও তাবু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, যে সকল পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা একটি করে ট্রিপল দিয়েছি। এছাড়াও মা বোনদের স্বাস্থ্য সচেতনতায় কিছু কিডস সামগ্রী প্রদান করেছি। পাশাপাশি পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।