ত্রিশালে অটোরিকশা চুরির সময় দুই চোর আটক

ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশা চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে ত্রিশাল থানাধীন আমীরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম বগার বাজার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোরিকশা চুরির সময় দুইজনকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শামীম (৩৬)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ঢেউলী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ওছির মিয়া। অপর গ্রেপ্তারকৃত মো. সাদিকুল (২৬) ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার ভরাডোবা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত উজ্জল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।