সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় গোদনাইল এলাকায় লেকের পানিতে মরদেহ দুটি ভেসে উঠে। গতকাল সোমবার বিকালে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়েছিল।

নিহতরা হলো- মনিরুল (১৫) ও শুভ (১৫)।  তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মনির মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মো. জাকিরের ছেলে। নাসিক ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। তারা পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড় মুনলাইট এলাকায় বসবাস করতো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে তারা নাভানা ভূঁইয়া সিটি মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার গোসল করতে লেকে নামে। তাদের মধ্যে তিনজন বাড়ি ফিরলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল। তখন পরিবারের সদস্যরা বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। আমরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করেন।