মায়ের কবরেই সমাহিত আতাউর রহমান

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে আতাউর রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সেখানে মায়ের কবরেই তাকে সমাহিত করা হলো। মৃত্যুর মধ্য দিয়ে আবারও যেন মায়ের কোলেই ফিরে গেলেন তিনি। 

এর আগে রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ছোট ভাই আবু নোমান মামুদুর। জানাজায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। 

জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।