বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২১ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ দিন ধার্য করেন।
গতকাল (সোমবার) মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত দিন ছিল। শুনানিকে কেন্দ্র করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবীরা পৃথকভাবে সময়ের আবেদন জানান।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা (সালমান এফ রহমান ও আনিসুল হক) সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে অবস্থান করছিলেন।
অভিযানের সময় আনিসুল হকের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানে সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১৩২১ ইউরো, ৬২৩০ ভুটানের গুলট্রাম, ৩৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর দুজনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা হয়। গত বছরের ৩০ নভেম্বর দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। সালমান এফ রহমান ও আনিসুল হক হত্যা মামলায় কারাগারে আছেন।