রাজধানীর বংশাল নয়াবাজার এলাকার একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নয়াবাজার বাগডাসা লেনের ৫ তলা একটি বাড়ির ২য় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে ২য় তলার ওই বাসার ভিতরে লাইট জ্বলতে দেখে তাকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে রুমের বাহির থেকে জানলার পর্দা সরিয়ে ভিকটিমের পা-বাঁধা অবস্থায় দেখতে পান। তখন তিনি প্রতিবেশীদের ডেকে বিষয়টি দেখান। এরপর ৯৯৯-এ মাধ্যমে থানার সংবাদ দেন। ঘটনাস্থল গিয়ে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকা হয়। ভিতরে ওই ব্যক্তিকে খাটের উপর মৃত অবস্থায় পাওযা যায়। তার হাত, পা, গামছা দিয়ে বাঁধা। আর মুখ জানলার পর্দা দিয়ে বাধা অবস্থায় ছিল।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হাত, পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।
জানা গেছে, নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরে শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামে। বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। তিনি নয়াবাজারের বাসায় তিন মাস আগে ভাড়া নেন এবং একাই থাকতেন। ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন তিনি। নিহত নিসার আলীর ছেলে ইমরান ঢাকা নিউ মডেল কলেজ অনার্স শেষ বর্ষে লেখাপড়া করেন। ইমরান থাকেন মানিকনগর কুমিল্লা পট্টিতে।