চোখ বন্ধ রেখে নামাজ পড়লে শুদ্ধ হবে কি?

আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম নামাজ। এই ইবাদতে একাগ্রতা ও মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নামাজে এমন সব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা মনোযোগ নষ্ট করে। 

নামাজের গভীর ও মহিমান্বিত মুহূর্তে অনেক সময় আমরা অবচেতনভাবেই চোখ বন্ধ করে ফেলি। বিনয় ও নম্রতার এই বিশেষ অবস্থায় চোখ বন্ধ রাখা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক, তা জেনে নেওয়া প্রয়োজন।

সাধারণভাবে চোখ বন্ধ রেখে নামাজ আদায় করা মাকরুহে তানজিহি বা অপছন্দনীয় কাজ। নামাজের স্বাভাবিক ও উত্তম নিয়ম হলো, সবসময় চোখ খোলা রাখা। এর প্রধান কারণ হলো, নামাজরত অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা অত্যন্ত সুন্নত। চোখ বন্ধ করে রাখলে এই বিশেষ সুন্নতটি আদায় হয় না। তাই সাধারণ অভ্যাসবশত চোখ বন্ধ করে নামাজ পড়া অনুচিত। 

তবে এই মাসয়ালার ভিন্ন একটি দিকও রয়েছে। যদি নামাজ পড়ার সময় চারপাশে এমন কিছু থাকে যা মনোযোগে বিঘ্ন ঘটায় কিংবা চোখ খোলা রাখলে মন এদিক-ওদিক ছুটে যায়, তবে সেক্ষেত্রে চোখ বন্ধ করার অবকাশ রয়েছে। বরং খুশু-খুজু বা একনিষ্ঠ মনোযোগ অর্জনের জন্য যদি চোখ বন্ধ রাখাটা বেশি সহায়ক মনে হয়, তবে চোখ বন্ধ করে নামাজ পড়াই তখন উত্তম বলে বিবেচিত হবে।

নামাজের মূল উদ্দেশ্য যেহেতু একাগ্রতার সঙ্গে মহান আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন হওয়া, তাই বিশেষ প্রয়োজনে একে বৈধতা দেওয়া হয়েছে। তবুও সুন্নতের পূর্ণ সওয়াব লাভের জন্য কোনো কারণ ছাড়া চোখ খুলা রাখা বাঞ্ছনীয়।

তথ্যসূত্র: বাদায়েউস সানাইয়ে ১/৫০৩

            দারুল কুতুবিল ইলমিয়্যাহ ১/২০৬