দেড় দশক পর আবার জয়-দীপা

দীপা খন্দকার। বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় একটি নাম। কোনো রকম মঞ্চ অভিজ্ঞতা ছাড়াই কেবলমাত্র নিজের মেধা ও দক্ষতা দিয়ে সাফল্যের সঙ্গে কাটিয়ে দিয়েছেন ক্যারিয়ায়ের ২৫টি বছর। বিরতি ছাড়াই কাজ করেছেন অভিনয় ও মডেলিংয়ে। কখনো কখনো পুরো মাসজুড়ে তার ব্যস্ততা ছিল আবার কখনো কখনো কাজ একটু কমিয়ে সংসারে সময় দিয়েছেন। তবে কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ, অভিনয়ই তার কাছে মনেপ্রাণে নেশা, পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই তাই সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন নন্দিত এই তারকা। এ ছাড়া সময়ের আরেক জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও কাজ করছেন সমান তালে। তবে চলমান সময়ের অভিনয়শিল্পীদের চেয়ে পুরনো সহকর্মীদের সঙ্গে কাজ করতেই বেশি ভালো লাগে তার।

এবার সেরকমই এক ইচ্ছা পূরণ হলো দীপার। দীর্ঘ ১৫ বছর পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে কাজ করলেন তিনি।  ‘মায়ার বাঁধন’ নামে একটি নাটকে দেখা যাবে তাদের রসায়ন। গল্পে এক দম্পতির ভূমিকায় থাকছেন জয় ও দীপা। তাদের ১৮ বছর বয়সী একটি ছেলে এবং ১৬ বছরের একটি মেয়ে আছে। ছেলেমেয়ের বেড়ে ওঠা, তাদের প্রেম-ভালোবাসা এবং মা-বাবার সঙ্গে সম্পর্কের দূরত্ব রয়েছে গল্পের পরতে পরতে।  নাটকটির গল্প ও চরিত্রগুলো অনেক সুন্দর করে তৈরি হয়েছে বলে জানালেন দীপা।

দীপা খন্দকারের সঙ্গে ১৫ বছর পর অভিনয় প্রসঙ্গে জয় বললেন, ‘কীভাবে যে এতটা সময় পেরিয়ে গেল বুঝিনি! আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে হিসাব কষে পেলাম। ভালো লাগল ‘মায়ার বাঁধন’ উপলক্ষে আবার আমরা জুটি বেঁধে ক্যামেরার সামনে এলাম। সত্যি বলতে, মাঝে অনেকটা সময় অভিনয়ে খুব কম ছিলাম। এখনো খুব বেশি কাজ করি না। সব মিলিয়ে দীপার মতো অনেক সহ-শিল্পীর সঙ্গেই অনেক দিন কাজ করা হয়ে ওঠেনি।

‘মায়ার বাঁধন’ পরিচালনা করেছেন যুবরাজ খান। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।