মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরশামাইল মুন্সীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরিয়া বেগম ওই এলাকার বাসিন্দা আলমগীর ঢালীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে স্বজনদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক মো. আবুল কাশেম খানের নেতৃত্ব পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুনজুরুল মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।