হজ মৌসুম সামনে রেখে সৌদি আরবের মক্কায় চলমান প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে দুই দিনের বিশেষ পরিদর্শন সফর সম্পন্ন হয়েছে।
সোমবার শুরু হওয়া এ সফরে অংশ নেন আন্তর্জাতিক সাংবাদিকরা। তারা মিনাসহ পবিত্র বিভিন্ন স্থানে হজ ব্যবস্থাপনা, পরিবহন, কোরবানি ও ডিজিটাল সেবার প্রস্তুতি ঘুরে দেখেন।
সৌদি জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশন ও রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস যৌথভাবে এ সফরের আয়োজন করে।
সফরের প্রথম দিনে সাংবাদিকরা মক্কা চেম্বার থেকে যাত্রা শুরু করেন। পরে তারা আল-মাশায়ের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ এলাকার অন্তর্ভুক্ত রয়েছে মিনা, আরাফাত ও মুজদালিফা।
প্রথমে তারা ‘আদাহি’ প্রকল্প পরিদর্শন করেন। হজের সময় কোরবানির কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন ও মাংস দেশ-বিদেশের উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য সৌদি সরকার এ প্রকল্প চালু করেছে।
অনলাইন সেবা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এ ব্যবস্থার আওতায় কোরবানির ব্যবস্থা করতে পারেন।
এরপর তারা জাবালে রহমতসহ আরাফাতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে তারা মুজদালিফায় যান। সফর জুড়ে সাংবাদিকরা ভিডিও ধারণ, প্রতিবেদন তৈরি এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির সাক্ষাৎকার নেন।
আরব নিউজের বরাত দিয়ে মালদ্বীপ হজবিষয়ক কার্যালয়ের কর্মকর্তা আহমেদ রাসসাম বলেন, সফরটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে। এতে হজের আগে নেওয়া প্রস্তুতি নিবিড়ভাবে দেখার সুযোগ মিলেছে। আগামী সপ্তাহে সৌদি আরবে আসা হাজিদের কাছে এসব কার্যক্রমের তথ্য তুলে ধরা হবে।
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এম ওমর বাট বলেন, হজকে কেন্দ্র করে সৌদি আরবের উন্নয়ন, ডিজিটালাইজেশন ও আধুনিক ব্যবস্থাপনা দেখে তারা মুগ্ধ। বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা এসব অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
দিনের শেষভাগে সাংবাদিকরা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফ্রন্ট পরিদর্শন করেন। সেখানে মক্কার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখানো হয়।
সৌদি জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশনের প্রতিনিধি রাগেব ইরকাসুস সফরে অংশ নেওয়া সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, তারা আশা করছেন, অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিশ্বব্যাপী দর্শক ও পাঠকদের কাছে তুলে ধরবেন।
দ্বিতীয় দিনের সফরে সাংবাদিকরা হারামাইন আর্কিটেকচার এক্সিবিশন, কাবার গিলাফ তৈরির কারখানা, আন্তর্জাতিক সিরাত জাদুঘর ও ক্লক টাওয়ার মিউজিয়াম পরিদর্শন করেন।
হজ উপলক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমকে সহায়তা, হজ সংশ্লিষ্ট প্রকল্প ও ঐতিহাসিক স্থানগুলো সরাসরি দেখানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এ সফরের আয়োজন করা হয়েছে।