লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরো ১ যুবক নিহত

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরো এক যুবক নিহত হয়েছেন। সোমবার  রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি হামলার শিকার হন। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট ৩ জন প্রবাসী প্রাণ হারালেন।

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতের বাবা জানান, শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিলেন।

সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলত পরিবারটি। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।