স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর অধীনে চন্দনাইশ পৌরসভার ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) পৌরসভার হলরুমে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে সেলটেক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ মহাপরিকল্পনার অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। যেগুলোর মধ্যে ড্রেনেজ সমস্যা, সুপেয় পানির সমস্যা, বিদ্যুতের লোডশেডিং, জলাবদ্ধতা, জন্ম- মৃত্যু নিবন্ধন, প্রতিবন্ধী চিকিৎসক, মাদক-ইভটিজিং সংক্রান্ত এবং সড়কগুলোর দুরবস্থার চিত্র উঠে আসে।
এই কর্মশালায় পৌর নাগরিকরা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপসহকারী প্রকৌশলী আবদুল মোমিন, সেলটেক অফিসার পরিকল্পনাবিদ আল মোস্তাকিন অপূর্ব, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণব, ইমতিয়াজ শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।