ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ২৪৫৩ মামলা নিস্পত্তি হয়েছে। এ থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা। ২০২৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিস্পত্তি হয়। এ সময়ে মামলা হয়েছিলো ২৫৫৩টি।
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে হওয়া সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আলাদা আলাদা ভাবে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ । স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারণা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।