টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় টানা দুই দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকের পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘালয়ের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে উপজেলার ভূবনকুড়া, সদর ও গাজিরভিটা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পানি মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে লোকালয়ে প্রবেশ করায় বাড়িঘর, রাস্তা এবং বিস্তীর্ণ ধানক্ষেত ডুবে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ভুবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী ও কড়ইতলী; গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও কাতলমারী; এবং সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া ও কালিয়ানীকান্দাসহ আরও কয়েকটি গ্রাম।

স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ পানি বৃদ্ধির কারণে অনেকেই সময়মতো পাকা ধান ঘরে তুলতে পারেননি। এতে বোরো চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে দর্শা, গাঙ্গিনা ও কংস নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে জুগলী, কৈচাপুর, নড়াইল, শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, আমরা বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। কয়েকটি রাস্তা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।