হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন ডা. জুবাইদা রহমান। গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আক্রান্ত শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে চিকিৎসার টাকা নেই’। এমন একটি সংবাদ তাঁর নজরে এলে তিনি দ্রুত শিশুটির চিকিৎসা ও পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে শিশু নূর নাহারের চিকিৎসার খোঁজখবর নেয়।

এ সময় প্রতিনিধি দলটি শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

প্রকাশিত সংবাদে জানা যায়, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।

এদিকে চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যেও একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মা স্বর্ণা আক্তার। হাসপাতালের খরচ বহন করতে না পেরে প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসতে হয়েছে তাকে। অর্থাভাবে একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও চিকিৎসা অসমাপ্ত রেখেই ফিরে যেতে বাধ্য হন তিনি।