ফরিদপুরের বোয়ালমারীতে পণ্য বোঝাই একটি নছিমন উল্টে সোহাগ মোল্যা (১৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দিরসংলগ্ন মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন কোম্পানির বিস্কুট ও জুসবোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় নছিমনটি রাস্তার পাশে উল্টে গেলে চালক সোহাগ মোল্যা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।