কুমিল্লায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। বুধবার (১৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই অভিযানে বুলডোজার দিয়ে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের দুই পাশে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে নিয়মিত। সরকারি জায়গা দখলমুক্ত করে সড়কের শৃঙ্খলা ফেরাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে মালিকদের আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত না করায় আমরা উচ্ছেদ অভিযানে নামতে বাধ্য হয়েছি।

অভিযানে নেতৃত্ব দেওয়া লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, জনস্বার্থে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি জমি উদ্ধারে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মুদাফফরগঞ্জ বাজারের দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে তোলা হয়েছিল। এতে সড়ক সরু হয়ে যাওয়ায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকত। উচ্ছেদের ফলে এখন রাস্তাটি কিছুটা প্রশস্ত হয়েছে, যা জনমনে স্বস্তি এনেছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের পুনরায় সরকারি জায়গা দখল না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।