জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘১০৮ বছর ধরে রেললাইন দেখি, রেলগাড়ি দেখি; কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে উঠতে পারি না।’ গতকাল বুধবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে সুধীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘আমাদের দুর্গাপুর-কলমাকান্দা একটি অবহেলিত জনপদ। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই জারিয়া পর্যন্ত রেললাইন এলেও, দীর্ঘ ১০৮ বছরেও জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ হয়নি। এই দীর্ঘ সময়ের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আজকে যারা অতিথি হয়ে এসেছেন, তাদের প্রতি এ অঞ্চলের সব মানুষ কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই অঞ্চলের মানুষ যে দাবি জানিয়ে এসেছে, আজকে তারা সেই দাবিকেই সমর্থন জানাতে একতাবদ্ধ হয়েছেন।’ নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে বলেছিলাম, দুর্গাপুর-কলমাকান্দা একটি বাগান আর আমি এর মালী হিসেবে কাজ করতে চাই।’
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা।
এর আগে দুপুরে রেলপথ প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ডেপুটি স্পিকার।