পুকুর খননে মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত মঙ্গলবার দুপুরে একটি পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। ঘটনাটি উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আন্ধার গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ উঠে আসে মূর্তিটি। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। মূর্তিটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন উৎসুক মানুষ। স্থানীয়রা বলছেন, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের তৈরি এবং দেখতে অত্যন্ত পুরনো ও শৈল্পিক। তাদের ধারণা, এটি কোনো প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ, যা বহু বছর মাটির নিচে চাপা ছিল।