শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং পূজা চেরি। নায়িকা হওয়ার পর দীঘির প্রায় একদশক পার হলেও পূজার পেরিয়ে গেছে ১২ বছরেরও বেশি সময়। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে বেশিরভাগই সফলতার গল্প পূজার। শিল্পী হিসেবে তিনি সব সময় দর্শকের ভালোবাসা পেয়েছেন এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। গত ঈদে তার ‘দম’ সিনেমাটি মুক্তির পর সাফল্যের ধারা বজায় রেখেছেন তিনি। দেশের গন্ডি পেরিয়ে প্রদর্শিত হচ্ছে বহির্বিশ্বেও। গত ঈদের পর আসন্ন ঈদুল আজহায় একাধিক সিনেমা মুক্তির কথা ছিল তার। এসব সিনেমা নিয়ে নতুন করে আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছেন পূজা। কিন্তু হঠাৎ করেই আশাহত এই নায়িকা। পূজা চেরি অভিনীত মাসুদ রানা সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত কী হবে, তা নিশ্চিত নয়। কারণ, এর আগে বার বার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমার মুক্তি। এমনকি গত রোজার ঈদেও আসার কথা ছিল সিনেমাটি। এবারও এর প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বলছে আসছে ঈদেই আসছে ‘মাসুদ রানা’। সিনেমাটির মুক্তির জন্য কয়েক বছর ধরে মুখিয়ে আছেন পূজা। কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে দেখা যাবে তাকে।
এদিকে আরেক উঠতি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘বিদায়’ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। সেই সঙ্গে দেখা দিয়েছে অনিশ্চয়তাও। ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় সিনেমাটিকে ঈদের আসছে বলে জানালেও প্রযোজক বলছেন, কোরবানির ঈদে নয়, দুর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। অন্যদিকে পরিচালক এখনো ঈদে মুক্তির আশাই দেখছেন। প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি। ঈদের পর সেই শুটিং করে এরপর আসন্ন পূজায় আসব। তিনি বলেন, ‘চেষ্টা করছি ঈদের বাইরে আসার। কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া উচিত। সেই চিন্তা থেকে ভাবলাম, আমরা শুরু করি। ঈদের পর সামনে দুর্গাপূজা আছে সেই সময়ই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’
প্রযোজক ঈদে না আসার কথা বললেও পরিচালক এখনো ঈদে সিনেমাটি মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবারও রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ের শুটিং চলেছে । পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি তো ঈদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আজকেও এয়ারপোর্টে শুটিং করতেছি। এখন একটা বিশেষ দৃশ্যের জন্য বিমান প্রয়োজন, সেই বিমানের মধ্যে গোলাগুলির দৃশ্য থাকবে। বিমানের জন্য অনুমতি পাচ্ছি না।
সেট বানিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সেটা মজা হবে না। আমার একদম অরিজিনাল বিমান লাগবে, শুধু এটার জন্য অপেক্ষা করতেছি। এটা শুট করতে মাত্র একদিন লাগবে, যদি এটা করে ফেলতে পারি তাহলে আমার আর কোনো চিন্তাই নেই। বাকি সবকিছু ওভাবেই পরিকল্পনা করা আছে, ঈদে আসতে পারব, এমনকী কোনো সমস্যা হবে না।’
‘বিদায়’ সিনেমার গল্প গড়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে। এতে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ।