‘প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি’

একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী তানজিল মিসবাহ। সম্প্রতি তার গাওয়া ‘চাঁদ বদনে’ গানটি বেশ সাড়া ফেলার পর অচিরেই হাজির শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন নতুন গান ‘সোনা বন্ধের গায়’ নিয়ে। বিরহের আবহ ছেড়ে ভিন্ন ঘরানার পার্টি ভাইবের গান উপহার দিচ্ছেন তিনি। নতুন গান, সংগীতজীবন ও আগামীর পরিকল্পনা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় তার

গান নিয়ে কেমন সময় কাটছে?

এইতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চাঁদ বদনে সবাই শুনছেন , একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাতে ধ্রুব মেউজিক স্টেশনকে আমাকে সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে এর কর্ণধার ধ্রুব গুহর কারণেই আমি আমার শ্রোতাদের বাইরেও নতুন শ্রোতা পেয়েছি।

‘সোনা বন্ধের গায়’ গানটি নিয়ে কতটা আশাবাদী?

অনেক বেশি আশাবাদী। কারণ আমার বিগত সময়ের গানগুলোর বেশিরভাগই বিরহের, প্রায় শতভাগ। তবে, এটা হলো একদম তার উল্টা, পার্টি টাইপের সং। খুব ভালো বাজেট ছিল, ভালো ভালো ভিডিও হয়েছে। মিউজিক করেছেন আমাদের শোভন রায়, যিনি আমার মিউজিক করে থাকেন বেশিরভাগ গানের মিউজিশিয়ান। ভিডিও নির্মাণ করছেন হাসান রনি। আশা করছি, শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথটা কেমন ছিল?

শুরুতে সংগীতের ব্যাপারটা আমার কাছে আগে শখের ছিল। শখ থেকে এখন একটা প্রফেশন হয়ে গেছে। একটা স্মৃতি শেয়ার করতে চাই, আমার বাবা প্রবাসে ছিলেন। তিনি মাঝেমধ্যে ছুটিতে আসতেন তিন মাসের জন্য। আমাদের একটা সাউন্ড বক্স ছিল। আব্বুকে দেখতাম পাকিস্তানি গান বাজাতেন। রাহাত ফাতেহ আলী খানের, নুসরাত ফাতেহ আলী খানের। ওইখান থেকেই মূলত গান শুনতে শুনতে একটা আগ্রহ জাগে, সেই থেকেই গানের সঙ্গে আছি।

ক্যারিয়ারে আপনার অনুপ্রেরণা কে?

গানের বিষয়টা আমার গড গিফটেড। আব্বু আম্মুর অনুপ্রেরণা তো আছেই। তবে যখন আমি গান বুঝি, তখন আমি হাবিব ভাইয়ের গান খুব শুনতাম। আমি খালেদ হাসান মিলু স্যারের গান শুনতাম। এই দুইজনের গান বেশি ভালো লাগত।

গান নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কী?

অনেক ভালো ভালো গান আমি উপহার দিতে চাই। নিজেকে আরও ভেঙেচুরে চেষ্টায় ইচ্ছে, যাতে আরও ভালো কিছু করা যায়। আর বিগত সময়ে যে গানগুলো করেছি তার থেকে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকবে। আর আমি আমাকে আমার ভক্তদের মাঝেই দেখতে চাই।