সন্ত্রাস বিরোধী আইনের মামলা

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী   

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গেল বছর ১৬ নভেম্বর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন তিনি। সেই আবেদনের উভয়পক্ষের শুনানি শেষে তাকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেন আদালত।

১২ মে মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটকের পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। একই বছর ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়।